The Terminal List (Season 2) — গল্প ও বাজেটের অভাবে সস্তা বাণিজ্যিক জোড়াতালি

ধরো, তোমার হাতে কোনো মৌলিক গল্প নাই, ব্যাংক ব্যালেন্স তলানিতে, কিন্তু দ্রুত টাকা কামানোর জন্য একটা জনপ্রিয় সিরিজের নতুন সিজন নামাতেই হবে। ঠিক এমন পরিস্থিতিতেই যেন তৈরি হয়েছে The Terminal List-এর Season 2. Amazon যখন থেকে MGM স্টুডিওকে কিনে নিয়েছে, তখন থেকেই যেন মানসম্মত কনটেন্টের বদলে কেবল ‘fast return of investment’-এর নেশায় সস্তা আর প্রাণহীন সব প্রজেক্টের ছড়াছড়ি শুরু হয়েছে। প্রথম সিজনের সেই টানটান থ্রিল, প্রতিশোধের আগুন এবং নিখুঁত সামরিক বাস্তবতার ছিটেফোঁটাও এই নতুন সিজনে খুঁজে পাওয়া দায়।
গল্প ও চিত্রনাট্যের করুণ দশা
পুরো সিজন জুড়ে চিত্রনাট্যকারদের গল্পের দৈন্যদশা এতটাই প্রকট যে, পর্বের দৈর্ঘ্য বাড়াতে তারা বারবার পুরোনো ঘটনার ফ্ল্যাশব্যাক আর আগের সিজনের স্মৃতিচারণার আশ্রয় নিয়েছে। একই দৃশ্য আর অতীতের ট্রমা বারবার দেখতে দেখতে দর্শকের মুখ একেবারে তিতা হয়ে যায়। নতুন কোনো শক্তিশালী ষড়যন্ত্র বা বুদ্ধিদীপ্ত অ্যাকশন ব্লক তৈরি করার বদলে পুরো কাহিনিকে অহেতুক টেনে লম্বা করা হয়েছে!
অভিনয় ও নির্মাণ
James Reece চরিত্রে Chris Pratt কিংবা Ben Edwards চরিত্রে Taylor Kitsch তাঁদের সাধ্যমতো চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু যখন চিত্রনাট্যেই কোনো প্রাণ থাকে না, তখন সেরা অভিনেতারাও অসহায় হয়ে পড়ে। এমনকি Jared Shaw (Boozer)-এর উপস্থিতিও আগের সেই আবেগ বা বন্ধুত্বের রসায়ন ফিরিয়ে আনতে পারেনি। কোনো গভীরতা ছাড়া কেবল পুরোনো নামের ওপর ভর করে দর্শককে বোকা বানানোর এই চেষ্টা অত্যন্ত হতাশাজনক।
সব মিলিয়ে, স্রেফ পুঁজি তুলে আনার তাগিদে বানানো এই অখাদ্য সিক্যুয়েলটি প্রথম সিজনের অর্জিত সুনামকেও মাটিতে মিশিয়ে দিয়েছে। অযথা ফ্ল্যাশব্যাক আর দুর্বল গল্পের এই ক্লান্তিকর আয়োজন সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।
গত সিজন শেষে আমি ১০ এ ৭ দিয়েছিলাম, এটা দেখে তা কমিয়ে ২ এ নিয়ে আসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top