হাত ধরে কাজ করলে আরও উন্নত হতে পারে আমাদের আইটি!

বহুবছর থেকে একটা জিনিস লক্ষ্য করে আসছি, আজকে ভাবলাম এটা নিয়ে লেখা দরকার। ২০০১ থেকে একটা চেষ্টার মধ্যে আছি, কমিউনিটির জন্য কিছু করার। বিভিন্ন কাজ করার চেষ্টা করেছি যাতে অন্যদের কাজে লাগে, বিভিন্ন গ্রুপের সাথে মিশেছি, অনেকে এক হয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার মনে হয় যা কিছু করেছি কারও ক্ষতি হয়নি তাতে বরং লাভ হয়েছে। যত কাজ করেছি, তত নতুন জিনিস শিখেছি, নেটওয়ার্ক বড় হয়েছে, সর্বোপরি অভিজ্ঞতা বেড়েছে।

কমিউনিটির জন্য প্রথম কাজ করি লোকালাইজেশন নিয়ে। নিজের ভাষায় সবকিছু হবে, সবাই নিজের ভাষায় সব ব্যবহার করতে পারবো। ভাবতেই ভালো লাগতো। ছোট্ট একটা আইএসপি চালাতাম আর বসে বসে অনুবাদের কাজ করতাম, ফন্ট তৈরীর কাজ করতাম। এই কাজ করতে পরিচিত হয়েছি অসাধারণ কিছু মানুষের সাথে। ম্যাক ভাই, জামিল ভাই, সুজন, আলমগীর সহ অনেকে; ভারতেরও দুই একজনের সাথে কাজ করা হতো, চমৎকার সিংক্রোনাইজেশন ছিলো আমাদের মধ্যে। কেউ সরাসরি হয়তো কাজ করতনা, কিন্তু পাশে থেকে ব্যপক সহযোগীতা দিয়েছে, যেমন ইরু ভাই, মোজাহেদুল ভাই, রাসেল ভাই, মুনির ভাই, সহ অনেক অনেক মানুষের। আর কাজের পথেই বন্ধু হিসেবে পেয়েছি হাসিন হায়দারের মতন মানুষকে।

প্রথম থেকে ওপেনসোর্সের প্রতি একটা ঝোঁক ছিলো, ধারণা ছিলো সব কিছু নিজের মতন করে ঢেলে সাজানো যাবে, আর তাই লিনাক্সের এডভোকেসি করেছি প্রচুর। সঙ্গে থেকেছি অঙ্কুর, বিডিলাগবিডিলুয়ার মত সংগঠনের, প্রতিষ্ঠায় উৎসাহ দিয়েছি বিডিওএসএন-এর।

কিন্তু সেই শুরু থেকে একটা জিনিস লক্ষ করেছি যে আমাদের কমিউনিটিতে কিছু মানুষ আছে যারা সাহায্য করার নাম করে আসে, অনেক উঁচা লম্বা কথা বলে এবং পরে কুলশিত করে ফেলে কমিউনিটিকে। ক্ষতিগ্রস্থ হয় ফ্রেশাররা, হরিয়ে ফেলে দিক নির্দেশনা। একসময় লিনাক্সের বিভিন্ন বিষয় নিয়ে ফোরামগুলিতে কথা হতো, এখন কি হয়েছে জানিনা! চমৎকার অনেকগুলি ফোরম এখন মৃত, এখন আলোচনা কোথায় হয় আমার জানা নাই! আবার আরেক ধরণের মানুষ আছে, যারা “কমিউনিটির জন্য কিছু করছি” বলে কিছু মেনে নিতে পারেনা। একটা ফোরাম করলে সেটার মালিক হয়ে থাকতে চায়; পরে মালিক হিসেবে স্বিকৃতী না দিলে, রাগ করে সব বন্ধ করে দেয়। আরও একদল মানুষ আছে যারা সবসময় উশখুশ করতে থাকে, ও না জানি কি বললো, এ নাজানি কি বলবে এবং না বুঝে মন্তব্য করে, এরকম কথা বলে ফেলে যেটা আরেকজনের বিরুদ্ধে যায় এবং কমিউনিটিতে ঝামেলা লেগে যায়!

এগুলি ছিলো শুরু থেকে, এখন দেখাযায় অনলাইন/অফলাইন মিডিয়াতে কাদা ছেটানো, কে কাকে কত কাদা ছেটাতে পারে। মোস্তফা জব্বার এবং অভ্র’র ঝগড়াটা মনে থাকবে অনেকদিন। অযথা একটা ঝামেলা এতদূর গিয়েছিলো। প্রথমেই যদি মোস্তফা জব্বার রাগ না করে বিষয়টা মেটানোর চেষ্টা করতেন আমার মনেহয় বেশী ঝামেলা হতোনা। এখন অনলাইন মাধ্যমগুলিতে বিভিন্ন বিষয়নিয়ে অনেক নোংরা নোংরা কথা হচ্ছে, কেউ কাজ করছে কমাউনিটি ডেভলাপ করার, কারও গা জ্বলছে অকারণে; শুরু হচ্ছে কাদা ছোঁড়া ছুঁড়ি! কেউ কারও বিরুদ্ধে কথা বললেই যেনো বীর আর কেউ গালি দিয়ে বীর!

একটা ছোট্ট উদাহরণ দি, আমরা শত শত শব্দ অনুবাদ করেছি লিনাক্স, মোজিলা, গুগল্-এর জন্য। এখন গুগল্ ওয়েবদুনিয়া নামের একটি প্রতিষ্ঠানকে টাকা দিয়ে অনুবাদের কাজগুলি করায়!  আমরা যারা প্রথমদিকে গুগল্-এর বিভিন্ন সেবার অনুবাদ করেছি, তারা কি আজকে গুগল্-কে গিয়ে প্রশ্ন করছি যে আমাদের কাজের টাকা না দিয়ে কেন এখন টাকা দিয়ে ওয়েবদুনিয়ার কাছ থেকে অনুবাদ করাচ্ছে! ঠান্ডা মাথায় বসে বসে অনেক কিছু বিলুপ্ত হয়ে যেতে দেখেছি। ভুল করেছি, বকা খেয়েছি, তবে কমিউনিটির ক্ষতি হয়ে এরকম কিছু করিনি।

আমি আরেকটা জিনিস লক্ষ্য করি যে টোট্‌কা ফোট্‌কা আইটি প্রফেশনালরা একে অন্য প্ল্যাটফর্মের বিরুদ্ধে কথা বলছে। ওপেনসোর্স নিয়ে যারা কাজ করছে তারা ক্লোজ্‌ড সোর্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে কোনো কারণ ছাড়া; আবার উল্টোটাও হচ্ছে। আবারও কনফিউজ হচ্ছে ফ্রেশাররা। আমি যদি ওপেনসোর্সের সাকসেস নিয়ে কথা বলি, এক হাজারটা কথা বলতে পারবো, আবার ক্লোজ্‌ড সোর্স প্ল্যাটফর্মে নিয়ে বলতে পারবো হয়তো তারও বেশী। ফায়ারফক্স দিয়ে যেমন কনজিউমার ওয়েব ব্রাউজিং ভালো হয়, সেরকম এন্টারপ্রাইজ এপ্লিকেশন দিনের পর দিন চালাতে ইন্টারনেট এক্সপ্লোরার লাগে। কিন্তু দরকার টা কি এভাবে একটা, আরেকটার সাথে তুলনা করার? যে যার স্থানে শ্রেষ্ঠ!

আইটি নিয়ে আমাদের দেশে ব্যপক সম্ভাবনা, এটা নতুন কিছু না। আমাদের উচিৎ হবে আমারা যে যেখানে আছি, সেই পরিধীর মধ্যে থেকে আমাদের অভিজ্ঞতা নতুনদের সাথে শেয়ার করা, তাদের উৎসাহিত করা। উৎসাহিত করা সবকিছু এক্সপ্লোর করে দেখার জন্য। আমাদের কখনই উচিৎ হবেনা নিজেদের মধ্যে কে কি করলো, কে কি বললো এসব বিষয় নিয়ে মাথা ঘামানো। আমরা যারা কমিউনিটির উন্নয়ন করার চেষ্টা করি বা করছি, তারা একটু পরচর্চায় কান না দিলে কিন্তু অনেক প্রডাক্টিভ হতে পারি। আর যারা কিছু করতে পরিনা, তারা পরনিন্দা বা পরচর্চাটা উপেক্ষা করে সেই সময়টা কিছু শেখার জন্য কাজে লাগাতে পারি। সেদিন কাকে যেনো বলছিলাম যে দু’লক্ষ টাকা প্রতিমাসে বেতন দিতে চায়, এরকম কোম্পানী ঘুরে বেড়াচ্ছে কিন্তু লোক পাচ্ছে না শেয়ারপয়েন্টের। কারণ আমরা কখনো এটা নিয়ে আলাপ করিনি, কেউ জানেনা এরকম একটা বাজার আছে। ভাই যেমনই হোক, একটা কর্মশালা বা আলোচনা সভা করলে মানুষ নামটাতো জানতে পারবে; উপস্থিত ২০০ জনের মধ্য থেকে ২০ জন তো এক্সপ্লোর করবে। ২০ জনের মধ্যে থেকে ২ জন এই প্ল্যাটফর্মকে ক্যারিয়ার হিসেবে নেবে। এটাইতো আমাদের লক্ষ্য হওয়া উচিৎ; আর উপস্থিতদের মধ্যে একটা দল নানারকম মন্তব্য করবে, কিছু মন্তব্য থেকে অনেক কিছু শেখা যায়; সেগুলিকে পজেটিভ ভাবে নিলেই কিন্তু পরেরবার ঝামেলা হয়না। আর আমরা এই চেষ্টাগুলি করি নতুনদের জন্য। যারা জানে, তাদের জন্য এই আয়োজনগুলি হয়না, তাই চেষ্টা করা উচিৎ নতুনদের ফিডব্যাক নেয়ার।

আমি মনে করি আইটি প্রফেশনে যারা আছে, সে একটা কম্পিউটারের দোকানের বিক্রতা হতে পারে আবার গ্রামীণফোনের সিইও হতে পারে, এদের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের থেকে অনেক বেশী। আমরা কেন আমাদের বুদ্ধিমত্তার ব্যবহার না করে বোকার মতন নোঙরা কাজ করবো! কেনো আমরা কারও কথা না ভেবে, কিছু চিন্তা না করে একটা পদক্ষেপ নেবো বা একটা মন্তব্য করবো!

শেষে একটা কথা বলতে চাই নতুনদের জন্য। পৃথিবীতে অপশন সবসময় থাকবে, এসকিউএল সার্ভার জেনেছি দেখে ওরাকল জানা যাবেনা, এই ধারণা রাখা ঠিক না। নিজের জ্ঞানের পরিধী যত থাকবে কর্মক্ষেত্রে অপশন তত বেশী হবে। পিএইচপি শিখলে যে উইন্ডোসে কাজ করা যাবেনা এরকম ধারণা নিয়ে বেশীদূরে যাওয়া যায়না। নিজেকে সবসময় ওপেন রাখতে হবে অপশনের জন্য আর হাতের কাছে যা পাওয়া যায় একটু ঘাঁটাঘাঁটি করলেই অনেক কিছু শেখা যায়। তথ্য-প্রযুক্তিকে ক্যরিয়ার হিসেবে নিতে যে পিএইচডি ডিগ্রি নিতে হবে, এমন কথা নেই। আশে পাশে দেখা শীর্ষ তথ্য-প্রযুক্তিবিদরা বেশীরভাগই কম্পিউটার বিজ্ঞান নিয়ে লেখাপাড় করেননি। আর যেহেতু আমরা রাজনীতিবিদ নই, আসুননা একে অপরের হাত ধরে, এক কমিউনিটি অন্য কমিউনিটির সাথে মিশে একত্রিত হয়ে নিজেদের উন্নত করি!

🙂

আমার নতুন গ্যাজেট ZTE AC30

Tags

, , , , , , , , , , , , , ,

নিত্য-নতুন গ্যাজেট ব্যবহার করতে কে না চায়! অনেকে নতুন গ্যাজেটের খবর পায়না, অনেকে আবার ব্যবহার করে দেখার রিস্ক নিতে চায়না। আমি সুযোগ হলে ব্যবহার করে দেখতে দ্বিধা করিনা। আমি আজকে থেকে নতুন একটা ক্যাটাগরি আরম্ভ করলাম আমার ব্লগে। “গ্যাজেট” নামের এই ক্যাটাগরিতে আমি যেসব ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করি, সেগুলি নিয়ে কিছু লিখবো। হয়তো অন্যান্যদের কাজে লাগবে ভবিষ্যতে।

কিছুদিন আগে ZTE AC30 MiFi ডিভাইসটা হাতে পেলাম। ভেতরে যাবার আগে একবার জেনে নেই এই বস্তুর কাজ কি।

প্রায় দুই বছর আগে MiFi নামটা শিখেছিলাম আমেরিকার Verizon কোম্পানির কাছ থেকে। ইন্টারনেটে ঘোরাফিরা করলে এই জিনিসগুলি সম্পর্কে জানা যায় এবং ব্যবহারের ইচ্ছা জাগে। মোবাইল ইন্টারনেট এখন জীবনের একটা অংশ হয়ে গিয়েছে, ইন্টারনেট নির্ভর গ্যাজেটগুলির ব্যবহার বেড়ে যাওয়ায় মোবাইল ইন্টারনেটকেও বহনযোগ্য করার প্রয়োজন বেড়ে গেছে; আর তারই সমাধান নিয়ে এসেছে MiFi; চলার পথে সব ডিভাইসে ইন্টারনেট!

MiFi এর কথা জানার পরে একটা ইচ্ছা ছিলো ব্যবহার করার। কিন্তু Verizon-এর টা আনালে যদি না চলে! সেই সময় হাতে পাই D-Link DIR-412 রাউটার। বাজারে পাওয়া যায় এরকম যে-কোনো USB মডেম লাগিয়ে দিলেই সেটা WiFi নেটওয়ার্কে শেয়ার করা যায়।

কিন্তু মনের স্বাধ তো মেটেনা, মন চায় গাড়ীতে চলমান অবস্থায় যাতে নেটওয়ার্ক পাওয়া যায় 🙂 আর তখনই খবর পেলাম ZTE AC30 ডিভাইসটির। পৃথিবীতে বর্তমান সমস্থ মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি এতে সমর্থন করে।

মোবাইলের মতো দেখতে এই ডিভাইসটিতে GSM/CDMA সিমকার্ড লাগিয়ে দিলেই ডিভাইসটি নিজে থেকে মূল কনফিগারেশনের কাজগুলি করে নেয়। একসাখে পাঁচটি ডিভাইস সংযুক্ত করা যায় এর সাথে, পাঁচটাই বা কম কি! আবার USB পোর্ট দিয়ে কম্পিউটারে সংযুক্ত করলে একই সাখে ডিভাইসটি চার্জ হয় এবং USB দিয়েই নেটওয়ার্ক শেয়ার করে।

যাদের একাধিক ডিভাইসে মোবাইল ইন্টারনেটের প্রয়োজন হয়, তাদের জন্য এটা বেশ কাজের বলে মনে হয়েছে আমার। ও, আমি এটা দিয়ে PC-to-PC গেইম খেলে ও ফাইল শেয়ার করে দেখেছি। চমৎকার কাজ করে এই পিচ্চি রাউটার দিয়ে!

MiFi-এর কনসেপ্টটা উপরের ছবির মতন। মোবাইল নেটওয়ার্ক থেকে ইন্টারনেট নিয়ে WiFi-এর মাধ্যমে বিতরণ করা…

আমাদের কিউবি এবং লাগাম ছাড়া একটি প্রতিযোগীতা!

কিউবি ব্র্যান্ডটি বাংলাদেশে একটা ভালো অবস্থা করে নিয়েছে। সম্প্রসারিত করেছে সারা দেশে তাদের নেটওয়ার্ক, হাজার হাজার মানুষের কাছে ইন্টারনেট সেবা সহজলভ্য করেছে। বাংলালিঙ্ক আসার পরে যেমন মোবাইলফোন জগতে একটা ভুতুড়ে পরিবর্তন হয়েছে, ঠিক সেরকম ওয়াইম্যাক্স, তথাপি কিউবি আসার পরে ইন্টারনেটের চেহারা পাল্টে গিয়েছে বলে আমি মনে করি।

ছোট ছোট কয়েকটা সমস্যা অগ্রাহ্য করলে কিউবি কিন্তু ভালোই সেবা দিয়ে যাচ্ছে। আমার আরেকটা জিনিস ভালো লাগে যে ব্যবহারকারীদের মধ্যে ইন্টারনেটের ঝোঁক বজায় রাখার জন্য এরা মাঝে বিভিন্ন প্রোগ্রাম করে। আমি সত্যই তাদের এই প্রোগ্রামগুলিকে এপ্রিশিয়েট করি।

সম্প্রতি তাদের Seen And Be Seen প্রতিযোগীতাটি আমার ভালো লাগলেও তাদের অপরিকল্পিত প্রচেষ্টা আমার ভালোলাগেনি। কিউবিতে কাজ করে এরকম এক বন্ধ আমাকে বললনে, “ইন্টানেটে যে মাজার কিছু করা যেতে পারে, সেটার একটা ধারণা দেবার জন্যই আমাদের এই আয়োজন।” এটা আমিও বুঝি যে যত বেশী ইন্টারনেটে ব্যাস্ত থাকবে, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির লাভ ততবেশী। এরকম চিন্তা এর আগে কারও মাথায় আসেনি। এই প্রোগামগুলির কিন্তু ভালো দিক আছে, দুষ্টামির পাশাপাশি যে ভালো কিছু করা যায়, তা সম্পর্কে ব্যবহারকারীরা অবগত হচ্ছে, এটা ১৯৯৫ সালে করলে আজকে ইন্টারনেট ব্যবহারের চেহারাই পাল্টে যেতো দেশে!

যাই হোক, আসি আসল কথায়। প্রতিযোগীতা থাকবে এবং প্রতিযোগীতার নিয়ম-কানুন (আমরা যেটাকে Terms and Conditions বলে থাকি) থাকবে। আমি কিন্তু এই প্রতিযোগীতাটির কোনো নিয়ম-কানুন খুঁজে পেলাম না। অক্টবরের শুরুতে তারা যখন এই প্রতিযোগীতা ঘোষণা দিলো, তখন এটাও বলেনি যে ছবির সাবজেক্ট কি হবে। লঞ্চ করার প্রায় ৬ দিন পরে বলে, Two Categories of pictures are valid in the competition:

  • Unseen Bangladesh: any part of our country, a landscape, a story, an event which truely (বানান ভুল) depicts Bangladesh would be considered by the judges.
  • Candid Shots: A moment with friends, families, near ones, or an event that portrays an intriguing story will be considered in the category.

এছাড়া আর কিছু কিন্তু বলেনি। আমি যখন একটা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবো, তখন কিছু জিনিস পরিস্কারভাবে জানতে হবে; যেমন: আমি কি কি ভুল করলে বাদ পড়ে যাবো, বা আমাকে সর্বনিম্ন কি মেইনটেইন করতে হবে, বা আমি যা নিয়ে অংশগ্রহণ করবো, সেটার কি হবে। মাইক্রসফটের একটা প্রতিযোগীতার উদাহরণ দেখা যাবে এখান থেকে। এখানে পরিস্কার বলা আছে যে কি করলে কি হবে, কি ব্যবহার করা যাবে, যারা অংশগ্রহণ করবে তাদের স্বত্ত কি হবে, সর্বনিম্ন বয়স কত হতে হবে ইত্যাদী।

এই ছবিতে পরিস্কার দেখা যাচ্ছে যে কিউবির এই প্রতিযোগীতায় বিজয়ীদের কি দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু উপরের লিঙ্কের মতন কিছুই বলছেনা। একজন ফটোগ্রাফারের ছবি কিন্তু অমূল্য, একটা ম্যাকবুক দিয়ে সেটার মূল্যায়ন করা সম্ভব বলে আমি মনে করিনা। কালকে যদি কিউবি প্রতিযোগীতায় ব্যবহৃত একটি ছবি তাদের বিজ্ঞাপনে ব্যবহার করে, তাহলে আমদের কিছুই বলার নেই।

এক জায়গায় তারা বলেছে-

In the App, register with your valid Name, Phone, Email and organization (your university, School, college or workplace),select the category of picture you are submitting, upload the link of the picture and then submit.

Do not forget to press upload and submit button for a successful registration. Without registration emailed photographs will not be considered.

কিন্তু এটা কি কোথাও বললো যে এই তথ্য তারা কোথায় ব্যবহার করবে? এটাকে আমরা বলি Privacy Policy (একটা উদাহরণ দেখা যাবে এখানে), আমরা যে তথ্য তাদেরকে দেবো, তারা সেটা কি কাজে ব্যবহার করবে সেটা পরিস্কার জানানো দরকার। তারা তো সেটা বিক্রিও করে দিতে পারে! আমি ধরে নিচ্ছি তারা ছবি বা তথ্যের অপব্যবহার করবে না, কিন্তু সেটা পরিস্কার লেখা থাকা উচিৎ বলে আমি মনে করি।

কালকে যদি ১৬ বছরের একজন প্রতিযোগী বিজয়ী হয়, আর পুরস্কার পায়, আমি চাইলেই কিউবির উপরে একটা মামলা ঠুকে দিয়ে বলতেপারি যে তারা শিশুশ্রম উৎসাহিত করছে! আমি নিশ্চিত যে এই মামলায় কিউবি হেরে যাবে। তাই এইসব বিষয়ে অতি সাবধান হওয়া দরকার।

আমি আশা করবো যে ভবিষ্যতে কিউবির মত একটি কর্পোরেট ব্র্যান্ড এরকম ভুল করবে না। প্রতিযোগীতা না হলে মেধার বিকাশ অনিশ্চিত, কিন্তু এটার যাতে অপব্যবহার না হয়, সেই বিষয়টাওতো নিশ্চিত করতে হবে।

Truth of Touch – ইয়ানির আরেকটি অসাধারণ সৃষ্টি

আমরা বই পড়ি, সিনেমা দেখি, গান শুনি, কোথাও বেড়াতে যাই মনকে স্বতস্ফুর্ত করার জন্য; এখন যেনো মানুষ কেমন হয়ে যাচ্ছে! বই পড়ে না, গান টান শোনে না! আর যেসব যারা গান শোনে, তারা দেখা যায় সারাদিন আজাইড়া হিন্দী গান শুনছে। আমি বলছিনা যে হিন্দীতে ভালো গান হয়না, পৃথিবীর সব ভাষাতেই ভালো গান আছে, তাই বলে সারাক্ষণ সস্তা হিন্দী গানের ঘ্যানর ঘ্যানর ভালো লাগেনা!

আমাদের বাড়ীতে ডিশ এন্টিনা লাগানো হয় ১৯৯৩ সালে, তখন স্টার প্লাসে ইংরেজী অনুষ্ঠান হতো। সেই সময় স্টার প্লাসে একটা অনুষ্ঠান দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছলাম আমি আর আমার আব্বা। অনুষ্ঠানটি ছিলো ইয়ানি লাইভ এট এক্রপোলিস। মিউজিকের কম্পোজিশন শুনে আমাদের বাবা-ছেলের চোখে পানি চলে এসেছিলো! আদ্ধাতিক আনন্দ তাঁর সৃষ্টিতে।

অনেকদিন থেকেই ইয়ানির গানগুলি শুনে আসছি, অন্ধ ভক্তের মতন আমি বলবনা যে সবই ভালো কাজ, ভালো মন্দ মিলিয়ে কাজ করেছে সে। শেষ এলবাম শুনেছিলাম এথনিসিটি; খুব একটা ভালো লাগেনি আমার কাছে। মিউজিক টেলিভিশনের দর্শক না হবার জন্য হয়তো জানতামনা যে ইয়ানি যে এর মধ্যে আরও তিনটা এলবাম বের করেছে। এই বছর সে বের করেছে ট্রুথ অফ টাচ্, বাংলায় বলা যায় স্পর্শের সত্যতা। নামের মধ্যেই একটা ভাব আছে 🙂

তার কম্পোজিশনের টেস্ট বোঝানোর জন্য কয়েকটা গান শেয়ার করলাম এলবাম থেকে-
Continue reading »

You are FUPed! (ন্যায্য ব্যবহার নীতিমালার কথা বলছি)

Tags

অনেকদিন থেকেই ভাবছি এই ইস্যুটা নিয়ে লেখা দরকার, কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে ওঠেনি।

বিষয়টা হলো আমাদের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বা আইএসপি-গুলিকে নিয়ে। বেশ কিছুদিন হয়ে গেলো আমাদের আইএসপি-গুলি ফেয়ার ইউজ পলেসি বা ন্যায্য ব্যবহার নীতিমালা আরম্ভ করেছে; বিশেষ করে মোবাইল ইন্টারনেট কোম্পানিগুলি। সরকারী লাইসেন্সধারী কোনো কোম্পানি কি ধুম করে একটা নীতিমালা আরম্ভ করে দিতে পারে? আমার মনেহয় তাদের পারার কথা না, লাইসেন্সে সবসময় শর্ত দেয়া থাকে, সেই শর্তে কিছু উল্লেখ করা না থাকলে সেটার জন্য লিখিত সম্মতি নিতে হয়। মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি বা তাদেরকে যারা লাইসেন্স দিয়েছে সেই বাংলাদেশ টেলিকম রেগুলেটারি কমিশন (বিটিআরসি) কি সেভাবে কাজ করেছে?

আমার কাছে সবসময় মনে হয় সরকার চলছে সরকারের মতন আর কোম্পানি চলছে তাদের মতন। লাইসেন্স দিয়েই সরকারের কাজ শেষ!  ফেয়ার ইউজ পলেসি আরম্ভ করার পরে আমার খুব জানতে ইচ্ছে হয়, এই পলেসি বা নীতিমালায় কি বিটিআরসির অনুমোদন আছে! একটা নীতিমালা পাশ হয়ে গেলো, দেশের জনগনের উপরে  সেটা চাপিয়ে দেয়া হবে, সেটা থেকে কার কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে সেটা কি অনুমোদন দেবার আগে কেউ খতিয়ে দেখেছে? অন্তত বিটিআরসির কাছ থেকে আমি এটা আশা করিনা।

আমার ধারণা বিটিআরসি আমাদের ভালো মন্দ বোঝে এবং ধরে নিচ্ছি নীতিমালার অনুমোদন তারা দিয়েছে। এবার একটু নীতিমালাগুলি জানি-

  • গ্রামীণফোন – ৫ গিগা ট্রান্সফারের পরে ন্যায্য ব্যবহার নীতিমালা প্রয়োগ করা হবে পরবর্তি বিলের তারিখ পর্যন্ত।
  • বাংলালিংক – এক সপ্তাহে ৩ গিগা ট্রান্সফারের পরে ন্যায্য ব্যবহার নীতিমালা প্রয়োগ করে “পে এজ ইউ গো” করে দেয়া হবে পরবর্তি বিলের তারিখ পর্যন্ত।
  • সিটিসেল – ৭ গিগা ট্রান্সফারের পরে ন্যায্য ব্যবহার নীতিমালা প্রয়োগ করা হবে পরবর্তি বিলের তারিখ পর্যন্ত।
  • কিউবি – ৩০ গিগা ট্রান্সফারের পরে ন্যায্য ব্যবহার নীতিমালা প্রয়োগ করা হবে পরবর্তি বিলের তারিখ পর্যন্ত।
  • এরকম অনেক নীতিমালা আছে।

নীতিমালার ধরণ দেখে কিন্তু মনে হয়না যে বিটিআরসি এরকম উদ্ভট  নীতিমালার অনুমোদন দিতে পারে। ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই নীতিমালা নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হলো অন্যখানে। একটা আইএসপি বলছে তারা সর্বোচ্চ XX কেবিপিএস বা YY এমবিপিএস গতির সংযোগ দেবে; তারা কিন্তু এটা বলছেনা যে সর্বনিম্ন কত গতি থাকবে। আমার ক্ষুদ্র মস্তিস্কে যা ঢুকে তাতে আমি বুঝি আমাদের সেবার মানের নিশ্চিত করার কাজ বিটিআরসির। উদ্ভট নীতিমালায় অনুমোদন বা এই প্রতিষ্ঠানগুলিকে ব্যবসা করার অনুমতি দেবার সময় তারা কি একবারও ভাবেনা যে গ্রাহকদের অবস্থানটা কোথায় থাকবে! অনেক টাকায় লাইসেন্স দিয়ে দিলেই হলো, না লাইসেন্সে উল্লেখ করতে হবে যে সেবার বিস্তৃতি কিরকম হবে, খরচ কত হবে, সর্বনিম্ন ও সর্বোচ্চ মাপ কত ইত্যদি! একটা পাগল তার নিজের ভালো মন্দ বোঝে, বিটিআরসি যখন বিদেশী কোম্পানিগুলির কাছে লাইসেন্সের জন্য ফাটাফাটি রকমের অর্থ চার্জ করে, তখন টাকা গ্রহণ করার পাশাপাশি সুদুরপ্রসারী চিন্তা করে দেখা উচিৎ বলে আমি মনে করি।

যে কোনো সেবা গ্রহণের ক্ষেত্র নিজেকে মাঝে মাঝে এত অসহায় মনে হয়! কি করে আমাদের জন্য আমাদের সরকার!