Main Actor Nahin Hoon — ডিজিটাল স্ক্রিনের ওপারে জীবনের নিখাদ সত্য

আর্ট ফিল্মের নামে যখন অনেকেই ক্যামেরার কারসাজি বা অহেতুক দূর্বোধ্য ফ্রেম তৈরি করেন, ঠিক তখনই ‘Main Actor Nahin Hoon’ এসে মনে করিয়ে দেয় আসল সিনেমা বাঁচে অভিনেতার চোখে, অভিব্যক্তিতে আর উপস্থাপনার ভারে। গল্পে আহামরি কোনো অ্যাকশন বা নাটকীয় সংঘাত নেই; পুরো সিনেমাটি দাঁড়িয়ে আছে শুধু দুই প্রান্তের দুটি মানুষের কথোপকথন ও নিখাদ পারফরম্যান্সের ওপর।
সিনেমার সবচেয়ে বিস্ময়কর ও সাহসী দিক হলো এর নির্মাণশৈলী। কোনো কৃত্রিম কাট বা প্রথাগত শুটিং নয়, ভারতের মুম্বাই এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট, দুটি ভিন্ন মহাদেশ থেকে দুই অভিনেতা সরাসরি ভিডিও করলে যুক্ত হয়ে পুরো সিনেমাটি শুট করেছে। প্রযুক্তিকে শুধু মাধ্যম হিসেবে নয়, বরং দুই একা মানুষের আত্মার দূরত্বের মেটাফর হিসেবে এমন নিখুঁতভাবে খুব কম সিনেমাতেই ব্যবহার করা হয়েছে। অন্তত আমি এর আগে এমনটা দেখি নাই।
গল্পের গভীরতা
গল্পের শুরুটা সাদামাটা এক অনলাইন টিউটোরিয়ালের মতো। ফ্রাঙ্কফুর্টে থাকা এক প্রবাসী বাঙালি নাট্য প্রশিক্ষক (চিত্রাঙ্গদা শতরূপা) মুম্বাইয়ের এক মধ্যবয়সী সাধারণ মানুষকে (নওয়াজুদ্দীন সিদ্দিকী) অনলাইনে অভিনয়ের পাঠ দিতে শুরু করে। নওয়াজুদ্দীন শুরুতেই জানান তিনি কোনো পেশাদার অভিনেতা হতে চান না, বাস্তব জীবনে কোনো এক অদ্ভুত কারণে তার শুধু একটু অভিনয় শেখা প্রয়োজন। এই নিরীহ চাওয়া থেকেই একের পর এক ইমপ্রোভাইজেশন আর অভিনয়ের অনুশীলন চলতে থাকে।
কিন্তু ক্লাসের অনুশীলন যখন কল্পিত সম্পর্কের সংলাপ থেকে ধীরে ধীরে অতীতে ফেলে আসা ট্রমা, অপ্রাপ্তি আর অপরাধবোধের দিকে মোড় নেয়, তখনই গল্পে ম্যাজিক তৈরি হয়। প্রশিক্ষক মেয়েটি যখন চরিত্র হয়ে ওঠার তাগিদে একের পর এক দৃশ্য তৈরি করতে থাকে, দর্শক হঠাৎ থমকে গিয়ে আবিষ্কার করে, যে মেয়েটি অভিনয় শেখাচ্ছে – সে আসলে নিজের ভেতরের ভাঙচুর আর বিষাদটাকেই চিত্রনাট্য আকারে উগরে দিচ্ছে! পর্দার ওপারে অচেনা এক মানুষের সামনে দাঁড়িয়ে সে নিজের জীবনের গভীর ক্ষত আর একাকীত্ব উন্মোচন করে চলেছে।
অভিনয় ও অনুভূতি
নওয়াজুদ্দীন সিদ্দিকী কোনো বাড়তি মেদ ছাড়া কতটা অকৃত্রিম হতে পারেন, তা এই সিনেমায় না দেখলে বিশ্বাস করা কঠিন। কোনো ভনিতা নেই, ডায়ালগবাজি নেই, শুধু তাঁর চাহনি ও নীরবতাই ভেতরের অসহায়ত্ব বুঝিয়ে দেয়। অন্যদিকে চিত্রাঙ্গদা শতরূপা ছিলেন এক প্রকাশ্য বিস্ময়। তাঁর মুখের সূক্ষ্ম অভিব্যক্তি আর কণ্ঠের ওঠানামা দর্শকের মনে দ্বিধা তৈরি করে দেয়, যে কোনটা পেশাদারি শিক্ষা আর কোনটা জীবনের বাস্তব কান্না।
Main Actor Nahin Hoon কোনো চোখধাঁধানো বিনোদনের খোরাক নয়; এটি মানুষের ভেতরের মুখোশ খুলে ফেলার এক সৎ দলিল। পর্দায় যখন ইতি টানার সময় আসে, তখন মনে হয়, “বাস্তব জীবনে আমরা প্রত্যেকেই কি একেকজন অভিনেতা নই?” যারা ভালো আর্ট সিনেমা আর অভিনয়ের শুদ্ধতাকে ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যই মনে দাগ কেটে যাওয়ার মতো এক কাজ।
রেটিং
আমি ১০ এ ৮ দিয়েছি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top