The Sheep Detectives 2026

উইকেন্ডে পরিবার নিয়ে দেখার মতো একটি নিখাদ বিনোদনমূলক এবং বুদ্ধিদীপ্ত সিনেমা খুঁজলে নির্দ্বিধায় বেছে নিতে পারো কাইল বাল্ডা পরিচালিত রহস্য-কমেডি ছবি ‘দ্য শিপ ডিটেকটিভস’ (The Sheep Detectives). লিওনি সোয়ানের বিখ্যাত উপন্যাস ‘থ্রি ব্যাগস ফুল’ অবলম্বনে ক্রেইগ মেজিনের চিত্রনাট্যে তৈরি এই সিনেমাটি দর্শককে এক অভিনব ও হাস্যরসাত্মক অপরাধ তদন্তের জগতে নিয়ে যায়।

সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে জর্জ হার্ডি (হিউ জ্যাকম্যান) নামের এক মেষপালককে ঘিরে, যে প্রতি রাতে তাঁর আদরের ভেড়ার পালকে গোয়েন্দা উপন্যাস পড়ে শোনাতো। জর্জের ধারণা ছিলো ভেড়াগুলো কিছুই বোঝে না। কিন্তু একদিন খামারে জর্জের রহস্যময় মৃত্যু ঘটলে পাল্টে যায় দৃশ্যপট। তাঁর প্রিয় ভেড়াগুলো, যারা আসলে দীর্ঘদিনের নিয়মিত গল্প শোনার কারণে মনে মনে একেকজন পাকা গোয়েন্দা হয়ে উঠেছিলো, তারা তাদের মালিকের খুনিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়।

প্রথমবারের মতো নিজেদের চারণভূমি ছেড়ে মানুষের জটিল ও অদ্ভুত দুনিয়ায় পা রাখে একদল ভেড়া। সিনেমার সবচেয়ে বড় শক্তির জায়গা এর দুর্দান্ত অ্যানিমেশন এবং একঝাঁক তারকা অভিনয়শিল্পীর কণ্ঠস্বর।

হিউ জ্যাকম্যানের পাশাপাশি ভেড়া ও মানুষের বিভিন্ন চরিত্রে হংক চাউ, এমা থম্পসন, ব্রায়ান ক্র্যানস্টন এবং প্যাট্রিক স্টুয়ার্টের মতো অভিনেতাদের কণ্ঠ ও অভিনয় সিনেমাটিকে দারুণ প্রাণবন্ত করেছে। মানুষের চোখ এড়িয়ে শুধু নিজেদের বুদ্ধি ও ভেড়াসুলভ চতুরতা দিয়ে কীভাবে তারা একেকটি সূত্র খুঁজে বের করে, তা পর্দায় দেখা অত্যন্ত উপভোগ্য ও হাস্যরসের খোরাক জোগায়।

পরিচালক কাইল বাল্ডা রহস্য ও হাসির একটি নিখুঁত ভারসাম্য তৈরি করেছেন, যা ছোট-বড় সব বয়সী দর্শককেই সমানভাবে টানে। প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিটের এই সিনেমাটি কোনো ক্লান্তি ছাড়াই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাসিয়ে রাখবে।

চমৎকার ভিজ্যুয়াল, নিখাদ পারিবারিক আবহাওয়া এবং একটি সুন্দর বার্তা নিয়ে তৈরি ‘দ্য শিপ ডিটেকটিভস’ চলতি বছরের অন্যতম সেরা একটি উইকেন্ড মুভি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top