একবার ভাবুন তো, “আপনার ডকুমেন্ট কম্পোজের জন্য আর সফটওয়্যার কিনতে হবে না, ইনস্টল করে রাখতে হবেনা কোনো অফিস স্যুট, এমনকি আপনার ডকুমেন্টগুলি হার্ডডিস্কে সংরক্ষণ করতে হবে না। ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর যে-কোনো কম্পিউটারে বসে আপনি আপনার ডকুমেন্টগুলি খুলতে পারবেন, কাজ করতে পারবেন, প্রিন্ট নিতে পারবেন।” বিষয়টি কেমন হয়?

জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানী গুগল্ রাইটলি নামের এই সেবা প্রদান করা শুরু করেছে গত ১৮ আগষ্ট থেকে। গতবছর আগষ্ট মাসে রাইটলি’র কাজ শুরু হয় এবং চার মাসের মাথায় গুগল্ ডেভলপারা যোগ দেয় এর উন্নয়নের কাজে। চলতি বছর মার্চ মাসে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানী গুগল্ ইঙ্ক রাইটলি’র সমস্থ স্বত্ত্ব কিনে নেয়। এর আগে গুগল্ ডেভলপারদের ব্লগ পড়ে জানা যায় রাইটলি-তে কি-কি সুবিধা থাকতে পারে, তবে গত ১৮ তারিখে গুগল্ উন্মুক্ত করে দিয়েছে রাইটলি ব্যবহারের সুযোগ। http://www.writely.com ওয়েব সাইটে গিয়ে মাত্র তিন লাইন তথ্য প্রদান করে যে-কেউ এই সুবিধা গ্রহণ করতে পারে।

একটি ওয়ার্ড প্রসেসরের মোটামুটি সমস্থ সুবিধা থাকছে রাইটলি’র মধ্যে, এছাড়া রাইটলি’র বাড়তি কিছু সুবিধা রয়েছে, যেমন:
১) জিমেইলের মত এখানে ব্যবহার করা হয়ে এ্যাজাক্স, যার ফলে ব্যবহারকারীরা আকর্ষনীয় ইন্টারফেসে ব্রাউজারে বসে একটি সংয়সম্পন্ন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে পারবেন। ২) ডকুমেন্ট কম্পোজের সময় প্রতি ১০ সেকেন্ট পর পর ডকুমেন্ট সংরক্ষিত হয় বলে, কোনো কারণে কম্পিউটার বন্ধ, আপনার ডাটা থাকছে অটুট। ৩) একটি ডকুমেন্টে একসাথে এবং একই সময়ে একাধিক ব্যবহারকারী কাজ করতে পারবেন। ৪) হার্ড ডিস্কে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই, ফাইল অনলাইনেই থাকে। তাই যে-কোনো কম্পিউটার ব্যবহার করে ডকুমেন্ট সম্পাদনার কাজ করা যায়। ৫) ম্যাক, লিনাক্স বা উইন্ডোজে ব্যবহারের কোনো তারতম্য নেই। যে-কেউ যে-কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারে। ৬) ব্যবহারকারী প্রচলিত যে-কোনো ফরম্যাটের (ওপেন অফিস রাইটার, মাইক্রসফট ওয়ার্ড) ডকুমেন্ট আপলোড করে অনলাইনে সংরক্ষণ করে রাখতে পারবেন।

এর আগেই গুগল্-এর অনলাইন স্প্রেডসিট (http://spreadsheets.google.com) সার্ভিস ছিলো, এরই সাথে যোগ হলো ওয়ার্ড প্রসেসর। অনলাইনে ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দেয়াই গুগল্-এর লক্ষ্য।